সোলায়মান হায়দার

@solaymanhaider

এআই-ফার্স্ট সফটওয়্যার ইঞ্জিনিয়ার · ফাউন্ডার

আমি ক্যালিফর্নিয়ার একটা মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কর্মরত আছি। শখের মধ্যে আছে টুকটাক ফটোগ্রাফি আর ব্লগিং।

আমি সোলায়মান হায়দার, কাছের মানুষদের কাছে সোহাগ। পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আরো নির্দিষ্ট করে বললে ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার। কাজ করছি সান ডিয়েগো, ক্যালিফোর্নিয়ার একটা মার্কেটিং কোম্পানিতে সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে। না, আমি ক্যালিফোর্নিয়ায় থাকি না, অফিস করি ঢাকায় বসে, রিমোটলি। আমার অফিস মানে আমার ডেস্ক, আর কলিগদের সাথে দেখা হয় স্ল্যাকে। মাঝে মাঝে ওদের সকাল আর আমার রাত এক হয়ে যায়, তখন বুঝি টাইমজোন জিনিসটা আসলে কতটা নিষ্ঠুর, হাহা।

আমার জন্ম নাটোরের সিংড়ায়। পিতৃসূত্রে অবশ্য নরসিংদীর ছেলে হওয়ার কথা ছিলো, কিন্তু নরসিংদী ছেড়েছি সেই শিশুকালে। শৈশব আর বাল্যকাল কেটেছে নাটোরে। ক্লাস নাইনে থাকতে আব্বুর চাকরির সুবাদে চলে যাই সিরাজগঞ্জে, আর সেখানেই কেটে গেছে জীবনের এক যুগেরও বেশি সময়। এখন থিতু হয়েছি ঢাকায়। তাই কেউ যখন জিজ্ঞেস করে "বাড়ি কোথায়?", আমি একটু দম নিয়ে উত্তর দেই। নাটোর, নরসিংদী, সিরাজগঞ্জ, ঢাকা, অনেকগুলো জেলার ছেলে আমি। চাইলে সবগুলোর দাবিই করতে পারি, হাহা।

আমার ক্যারিয়ারের শুরুটা আসলে ব্লগিং দিয়ে। ব্লগ লিখতে লিখতে ব্লগের ডিজাইন নিয়ে খুঁতখুঁত শুরু হলো, থিম কাস্টমাইজ করতে করতে একসময় মনে হলো, নিজের ব্লগটা নিজেই বানিয়ে ফেললে কেমন হয়? সেই চিন্তা থেকেই এইচটিএমএল, সিএসএস আর পিএইচপিতে হাতেখড়ি, তারপর ওয়ার্ডপ্রেস। নিজের বানানো থিমে নিজের ব্লগ দাঁড় করালাম ঠিকই, কিন্তু ততদিনে ব্লগিংয়ের চেয়ে ডেভেলপমেন্টের নেশা বেশি পেয়ে বসেছে। এরপর ল্যারাভেল, নোডজেএস, রিয়েক্ট, গ্যাটসবি, নেক্সটযজেএস একের পর এক গোগ্রাসে গিলেছি, এখনো গিলছি। আজকাল নতুন সংযোজন এআই। কোড লেখার ধরনটাই বদলে দিচ্ছে এটা, আর আমি সেই বদলটা খুব উপভোগ করছি।

ফ্রিল্যান্সিং শুরু করেছিলাম ১৫-১৬ বছর বয়সে, তখনকার ওডেস্কে। প্রথম ক্লায়েন্টই আমাকে ধোঁকা দিয়ে গিয়েছিলো, কচি হৃদয়ে সেই ধাক্কা বেশ জোরেই লেগেছিলো। কিন্তু পিছনে ফিরে তাকালে মনে হয়, ওই ধাক্কাগুলোই আমাকে শক্ত করেছে। সেই গল্পগুলো "ফ্রিল্যান্সিং এর টুকরো গল্প" সিরিজে একটু একটু করে লিখে রাখছি।

মানুষ হিসেবে আমি বেশ মজার মানুষ, অন্তত আমার নিজের তাই ধারণা। সেন্স অব হিউমার ভালো, আর যাদের সেন্স অব হিউমার ভালো তাদের সাথে মিশতে দারুণ পছন্দ করি। তবে সেলফ রেস্পেক্ট আমার একটু বেশি, অনেকে সেটাকে ইগো ভেবে ভুল করে। কী আর করা, সবাইকে তো আর বোঝানো যায় না।

কাজের বাইরে শখ বলতে টুকটাক ফটোগ্রাফি, ঘোরাঘুরি আর এই ব্লগ। ব্লগিংয়ের সময় খুব একটা পাই না। একটু সময় পেলেই মাথায় যা ঘোরে, হাবিজাবি হোক আর কাজের কথা হোক, এখানে লিখে পাবলিশ করে দেই। কোনো পোস্ট কারো একটুও কাজে লাগলে সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া।

ফ্যামিলি, ফ্রেন্ডস, কাজ আর মাঝে মাঝে ক্যামেরা হাতে বেরিয়ে পড়া, এই নিয়েই আপাতত সুন্দর দিন কাটছে, আলহামদুলিল্লাহ্‌।

ট্যাগ