
এতোদিন ফেসবুক আপনাকে চালাতো, এবার আপনি ফেসবুক কে চালাবেন
ফেসবুকের নতুন "Your algorithm" ফিচারে নিজের ভাষায় লিখে বলে দিতে পারবেন ফিডে কি দেখতে চান। কিভাবে কাজ করে, আর আসলেই কতোটা কাজের।
আ কমন সিনারিও। রাত ১২ টা। ঘুমানোর আগে "জাস্ট ৫ মিনিট" ফেসবুক স্ক্রল করবো বলে ঢুকলেন। প্রথমে এক নায়িকার বিয়ের গসিপ। তারপর কারো সাথে কারো ঝগড়ার লাইভ। তারপর রান্নার রিল, তারপর আবার গসিপ। চোখ তুলে দেখেন রাত ২ টা বাজে।
আপনি এসব দেখতে চান নি। ফেসবুক আপনাকে দেখিয়েছে।
এতোদিন এটাই নিয়ম ছিলো। কি দেখবেন, সেটা ঠিক করতো ফেসবুকের এলগরিদম। আপনি শুধু স্ক্রল করতেন।
এবার ফেসবুক বলছে, ঠিক আছে, আপনিই বলেন কি দেখতে চান। মুখের ভাষায়।
আজকের ব্লগে এটা নিয়েই কথা বলবো। ফিচারটা কি, কিভাবে কাজ করে, আর আসলেই কতোটা কাজের।
"ইওর এলগরিদম" কি?
মেটা ফেসবুকে নতুন একটা ফিচার আনছে, নাম "Your algorithm"। এখানে আপনি নিজের ভাষায় লিখে দিতে পারবেন আপনি ফিডে আর রিলে কি বেশী দেখতে চান, আর কি কম দেখতে চান।
ধরেন, আপনি লিখলেন "সেলিব্রিটি গসিপ কম দেখাও"। অথবা "প্রোগ্রামিং আর ট্রাভেল নিয়ে বেশী দেখাও"। ব্যাস। ফেসবুক সেটা বুঝে আপনার ফিড বদলে দেওয়ার চেস্টা করবে।
আগে কি ছিলো? একটা পোস্টে "Not interested" চাপতেন। ফেসবুক বুঝতো না আসলে কোন জিনিসটা আপনার ভালো লাগে নি। পোস্টের মানুষটা? টপিক টা? নাকি ভিডিওটা? এবার আপনি লিখে বুঝিয়ে দিতে পারবেন।
কোথায় পাবেন?
যেকোন পোস্টের তিন ডট মেনু তে চাপ দিন। ওখানে "Your algorithm" নামে আলাদা একটা যায়গা থাকবে। সেখানে টপিক এড করবেন, বাদ দিবেন, ম্যানেজ করবেন।
আর কোন পোস্টে "Interested" বা "Not interested" চাপলে ফেসবুক এখন ফলো আপ প্রশ্ন ও করতে পারে। কি ভালো লাগলো, কি লাগলো না। আপনি নিজের মতো করে উত্তর লিখে দিবেন।
মেটা বলছে, চেঞ্জটা একই সেশনেই কাজ শুরু করবে। মানে লিখে দেওয়ার পর পরের কয়েকটা স্ক্রলেই পার্থক্য দেখার কথা।
তবে হ্যা, ফিচারটা ধাপে ধাপে চালু হচ্ছে। কোন দেশে কবে আসবে, মেটা পরিস্কার করে বলে নি। তাই আপনার একাউন্টে এখনই না দেখালে অবাক হবেন না।
ভেতরে কিভাবে কাজ করে?
এখানেই আমার কাছে সবচেয়ে মজার লেগেছে। এজ আ ডেভেলপার, এই জিনিসগুলো দেখলে একটু উত্তেজিত হয়ে যাই। হাহা।
২৪ নভেম্বর মেটার ইঞ্জিনিয়ারিং টিম ব্যাখ্যা করেছে এটা পেছনে কিভাবে চলে। সহজ করে বললে:
- রিকোয়েস্ট চেকঃ আপনি যা লিখলেন, একটা এলএলএম (ChatGPT টাইপ এআই) আগে সেটা পড়ে বোঝে। রিকোয়েস্টটা আসলেই ফিড নিয়ে কিনা, নাকি হাবিজাবি, সেটা চেক করে।
- কনটেন্ট খোঁজাঃ এরপর চারটা আলাদা রাস্তায় আপনার জন্য পোস্ট খুঁজে আনা হয়।
- ফিল্টারঃ সেই পোস্টগুলো রেলেভেন্ট কিনা, সেইফ কিনা, আর সব একই রকম কিনা, সেটা ফিল্টার করা হয়।
- ফাইনাল র্যাংকিংঃ সবশেষে আরেকটা স্পেশাল ট্রেইন করা এলএলএম ঠিক করে কোন পোস্ট কার আগে দেখাবে।
মানে আপনার এক লাইনের কথার পেছনে কয়েকটা এআই মিলে কাজ করছে। আগে এলগরিদম শুধু দেখতো আপনি কোথায় লাইক দিলেন, কতোক্ষণ ভিডিও দেখলেন। এখন সাথে আপনার লেখা কথাও শুনবে।
আসলেই কি কাজ করবে?
এবার আসি আসল কথায়। আমি একটু সন্দেহ নিয়েই বলছি।
ফেসবুক একটা বিজনেস। আপনি যতো বেশী সময় ফেসবুকে থাকবেন, ফেসবুক ততো বেশী এড দেখাতে পারবে। আর মানুষ সবচেয়ে বেশী আটকে থাকে কিসে? ঝগড়া, গসিপ, রাগ ওঠানো কনটেন্ট এ। মুখে বলি দেখবো না, কিন্তু হাত ঠিকই থেমে যায়। হাহা।
এখন আপনি লিখলেন "গসিপ দেখাইও না"। কিন্তু পরের দিন যদি এক গসিপ ভিডিও তে ৩ মিনিট আটকে থাকেন, ফেসবুক কোনটা বিশ্বাস করবে? আপনার লেখা কথা, নাকি আপনার আঙ্গুল?
মেটা বলেছে, আপনার লেখা কথা আগের সিগনাল, মানে লাইক, কমেন্ট, ওয়াচ টাইম এর সাথে মিলিয়ে ব্যবহার হবে। কোনটার ওজন কতো, সেটা জানা যায় নি।
আরো কিছু জিনিস এখনও জানা যায় নি:
- আপনার রিকোয়েস্ট কতোদিন কাজ করবে। মেটার আরেক অ্যাপ থ্রেডস এ এমন ফিচারের লিমিট ৭২ ঘন্টা। ফেসবুকে কতো, বলা হয় নি।
- আপনার লেখা কথা এড দেখানোর জন্যও ব্যবহার হবে কিনা।
- এই লেখা গুলো সেভ থাকবে কিনা, এআই ট্রেনিং এ যাবে কিনা।
এই শেষের পয়েন্ট টা আমার কাছে গুরুত্বপুর্ন। আপনি যখন লিখে দিচ্ছেন আপনি কি পছন্দ করেন, আপনি আসলে ফেসবুক কে নিজের হাতে নিজের ইন্টারেস্টের লিস্ট দিয়ে দিচ্ছেন। ফ্রি তে। ফেসবুকে ফ্রি লাঞ্চ বলে কিছু নাই।
তাহলে ইউজ করবো কি করবো না?
আমি বলবো, করেন। কিন্তু বুঝে শুনে।
- কাজের টপিক এড করেনঃ যেটা দেখলে আপনার লাভ হয়, স্কিল বাড়ে, সেটা লিখে দিন। প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, ডিজাইন, যেটা আপনার কাজে লাগে।
- বিষ বাদ দেনঃ যে কনটেন্ট দেখলে মেজাজ খারাপ হয়, সময় নস্ট হয়, সেটা কম দেখাতে বলুন।
- সেন্সিটিভ কিছু লিখবেন নাঃ স্বাস্থ্য, টাকা পয়সা, ব্যক্তিগত সমস্যা, এগুলো এলগরিদমকে বলার দরকার নাই।
- নিজের আঙ্গুল কে ও কন্ট্রোল করেনঃ মুখে বলবেন গসিপ দেখবো না, আর গসিপ এ ৩ মিনিট আটকে থাকবেন, তাহলে এলগরিদম ও কনফিউজড হবে।
উপসংহারঃ
এতোদিন আমরা অভিযোগ করতাম, ফেসবুক আমার ফিডে হুদাই জিনিস দেখায়। এবার অন্তত বলার একটা সুযোগ পাওয়া গেলো।
তবে একটা জিনিস মনে রাখবেন। স্টিয়ারিং আপনার হাতে দেওয়া হচ্ছে, কিন্তু গাড়ি টা এখনো ফেসবুকের। কোন দিকে কতোটা ঘুরবে, সেটা শেষ পর্যন্ত ফেসবুকই ঠিক করবে।
সুতরাং, ফিচারটা ইউজ করেন। কিন্তু ফিড ঠিক করার সবচেয়ে ভালো উপায় এখনও একটাই। ফোনটা মাঝে মাঝে রেখে দেওয়া।


এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনার হোক!